টফিতে লাইভ দেখা যাবে বাংলাদেশের ১৪ ম্যাচ, বড় সিরিজ সামনে রেখে উচ্ছ্বসিত দর্শকরা
- আপডেট সময় : ০৮:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : এবিসি ন্যাশনাল নিউজ
বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজগুলোকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে বড় সুখবর। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’-তে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের আসন্ন সবগুলো ম্যাচ।
আগামীকাল (১৭ এপ্রিল) থেকে শুরু হওয়া সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজটি চলবে ২ মে পর্যন্ত। এরপর ৮ ও ১৬ মে অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ। সবশেষে ৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
সব মিলিয়ে দর্শকেরা উপভোগ করতে পারবেন মোট ১৪টি ম্যাচ। এর মধ্যে রয়েছে ৬টি ওয়ানডে, ৬টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট ম্যাচ—যার সবগুলোই টফিতে সরাসরি দেখা যাবে।
এ প্রসঙ্গে টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের জীবনের গভীরে প্রোথিত। বড় ম্যাচ ঘিরে মানুষের আলাদা প্রস্তুতি থাকে এবং আড্ডা-আলোচনার বড় অংশ জুড়েই থাকে ক্রিকেট।
তিনি আরও বলেন, সামনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে। তাই ভক্তরা যেন যেখানেই থাকুন, প্রতিটি মুহূর্তের সঙ্গে যুক্ত থাকতে পারেন—এই লক্ষ্যেই টফির এই উদ্যোগ। মোবাইল বা যেকোনো ডিভাইসে যেন দর্শকরা খেলা উপভোগ করতে পারেন এবং একটি বলও মিস না করেন, সেটাই তাদের অগ্রাধিকার।
তিনি জানান, বিনোদনকে দর্শকের কাছে আরও সহজলভ্য করে তোলাই টফির লক্ষ্য। সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকদের সঙ্গে এই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে তারা আনন্দিত।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই সিরিজগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচের ফলাফল সরাসরি র্যাঙ্কিং ও যোগ্যতা নির্ধারণে প্রভাব ফেলবে।
বিশেষ করে ওয়ানডে ম্যাচগুলো ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবস্থান শক্ত করার সুযোগ এনে দেবে। টি-টোয়েন্টি ম্যাচগুলোও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য সমান গুরুত্বপূর্ণ।
লাইভ স্পোর্টস, বৈচিত্র্যময় কনটেন্ট এবং জনপ্রিয় সিনেমা ও সিরিজের সমন্বয়ে ‘টফি’ ইতোমধ্যে দেশের ডিজিটাল বিনোদন জগতে নিজেদের অবস্থান শক্ত করেছে। সরাসরি খেলার পাশাপাশি প্ল্যাটফর্মটিতে রয়েছে অসংখ্য টিভি চ্যানেল ও অন-ডিমান্ড কনটেন্ট।
সব মিলিয়ে দেশের দর্শকদের জন্য এক ছাদের নিচে খেলাধুলা ও বিনোদনের একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিয়ে এসেছে টফি।
















